জানা নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে এ বৈঠক হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনদিনের সফরে ঢাকায় আসেন সার্জিও গর। ঢাকায় এটি তার প্রথম সফর।

সফরের প্রথমদিন বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এই বৈঠকের পর বাংলাদেশের জন্য ভ্রমণ সতর্কতা (ট্রাভেল অ্যাডভাইজরি) হালনাগাদ করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

দেশটি বাংলাদেশের সামগ্রিক ভ্রমণ সতর্কতার লেভেল-৩ (ভ্রমণ পুনর্বিবেচনা) থেকে লেভেল-২ (অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে ভ্রমণ)-এ নামিয়ে আনে।সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সার্জিও গরের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি মার্কিন প্রতিনিধিদল। তারা উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় প্রতিনিধিদলের সামনে স্বদেশে ফেরার আকুতি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন বাস্তুচ্যুত রোহিঙ্গারা।