ওটিটি প্ল্যাটফর্মে তুমুল জনপ্রিয়তার পর বড় পর্দায় এসে প্রথম দিনেই দর্শকের ভালো সাড়া পেয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল ও রবি কিষাণ অভিনীত সিনেমাটি ভারতের বক্স অফিসে মুক্তির প্রথম দিনে নেট আয় করেছে আনুমানিক ২৪ কোটি ৭৫ লাখ রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ২৯ কোটি ৭০ লাখ রুপি। গুরমীত সিং পরিচালিত সিনেমাটি গত শুক্রবার হিন্দি ও তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তিন ঘণ্টার বেশি দৈর্ঘ্যরে এই সিনেমা ঘিরে মুক্তির আগেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। প্রথম দিনের আয় সেই আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুক্তির দিন ভারতে ‘মির্জাপুর: দ্য মুভি’ প্রদর্শিত হয়েছে ১১ হাজার ১৩৫টি শোতে। সিনেমাটির গড় থিয়েটার অকুপেন্সি ছিল ৪২ দশমিক ৮১ শতাংশ। সকালে আসন পূর্ণতার হার ছিল ২৫ দশমিক ৮৫ শতাংশ। বিকেলে তা বেড়ে দাঁড়ায় ৪১ দশমিক ১৫ শতাংশে। সন্ধ্যার শোগুলোতে ছিল ৪১ দশমিক ৮৫ শতাংশ দর্শক উপস্থিতি। তবে রাতের শোগুলোতেই সবচেয়ে বেশি সাড়া মিলেছে। সেখানে অকুপেন্সি পৌঁছায় ৬২ দশমিক ৩৮ শতাংশে। বক্স অফিসের হিসাবে, সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে প্রথম দিনে আয় হয়েছে প্রায় ২৪ কোটি ৬০ লাখ রুপি। তেলেগু সংস্করণ থেকে এসেছে প্রায় ১৫ লাখ রুপি। সব মিলিয়ে নেট আয় দাঁড়িয়েছে প্রায় ২৪ কোটি ৭৫ লাখ রুপি। এই আয় দিয়ে ২০২৬ সালে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা হিন্দি সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। তালিকার শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, যার প্রথম দিনের আয় প্রায় ৯৯ কোটি রুপি। এরপর ‘টক্সিক’ প্রায় ৫৫ কোটি রুপি আয় নিয়ে দ্বিতীয় এবং ‘বর্ডার ২’ প্রায় ৩০ কোটি রুপি আয় নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। প্রথম দিনের আয় দিয়ে ইমরান হাশমির ‘আওয়ারাঁপন ২’-কেও পেছনে ফেলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’। গত মাসে মুক্তি পাওয়া ওই সিনেমাটি প্রথম দিনে হিন্দি বক্স অফিসে প্রায় ২২ কোটি রুপি নেট আয় করেছিল। সিনেমাটি নিয়ে সমালোচকদের প্রতিক্রিয়াতেও উঠে এসেছে অ্যাকশন, নতুন চরিত্র এবং গল্পের বিস্তৃত পরিসরের বিষয়টি। এনডিটিভির এক রিভিউতে বলা হয়েছে, বড় পর্দার এই সংস্করণে মূল ‘মির্জাপুর’ সিরিজের আবহ ধরে রাখা হয়েছে। তবে চলচ্চিত্রে গল্পের পরিধি আরও বাড়ানো হয়েছে। যুক্ত হয়েছে নতুন শত্রু ও নতুন সংঘাত। একই সঙ্গে গল্পের কিছু অংশ অনুমানযোগ্য বলেও উল্লেখ করা হয়েছে। সিনেমার গল্পে কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীকে আবারও ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রে দেখা গেছে। এবার তার সামনে নতুন প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছে মাদক ব্যবসায়ী বাবুয়া যাদব। অন্যদিকে গুড্ডু ও মুন্নার পুরোনো শত্রুতাও গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ক্ষমতা দখলের লড়াই ও অ্যাকশনের পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব, ভালোবাসা, আনুগত্য, ঈর্ষা এবং বন্ধুত্বের মতো বিষয়ও সিনেমাটিতে জায়গা পেয়েছে। শেষদিকে পরবর্তী কিস্তি আসার ইঙ্গিতও রাখা হয়েছে। ওয়েব সিরিজের পরিচিত চরিত্র ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের বড় পর্দায় ফেরার কারণে ‘মির্জাপুর: দ্য মুভি’ নিয়ে দর্শকের আগ্রহ আগে থেকেই ছিল। প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ সেই প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে।