নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পোশাকশ্রমিকদের ন্যূনতম (চতুর্থ গ্রেড) মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে।
আজাদ সুবহানী জানান, বাকি গ্রেডগুলোর ক্ষেত্রে বোর্ড সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেড ২১ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, দরকষাকষির দীর্ঘ বৈঠকে মালিক পক্ষ ১৭ হাজার টাকা পর্যন্ত রাজি হয়। চতুর্থ গ্রেডে তারা এর চেয়ে বেশি বাড়াতে রাজি হননি। অন্যদিকে শ্রমিকপক্ষ ১৮ হাজার টাকার নীচে নামতে রাজি হননি। আলোচনার মাধ্যমে সব পক্ষ ঐকমত্য হতে না পারায় শেষ পর্যন্ত চূড়ান্ত করতে নিম্নতম মজুরি বোর্ডের সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়। ছয় ভোটের মধ্যে চারটি পড়েছে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম (চতুর্থ গ্রেড) মজুরি ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন শুরু করলে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।