মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এ তথ্য জানান।
মাহদী আমিন বলেন, এই যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশের বৃহৎ প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগের সুযোগ তৈরি হবে।
এ অর্জনকে সরকারের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
তিনি আরও বলেন, গত নয় মাসে সরকারের নীতিমালার ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে এ সিদ্ধান্তে। ডিএফসির মাধ্যমে বাংলাদেশের প্রয়োজনীয় বড় প্রকল্পগুলোতে মার্কিন বিনিয়োগ আসবে বলে সরকার আশা করছে। এতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সব মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের পেছনে শ্রমিকবান্ধব নীতিমালার ভূমিকার কথা তুলে ধরেন মাহদী আমিন। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর নির্বাচিত সরকার শ্রমিকদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে শ্রম আইন পাস করা হয়েছে। সরকারের এসব উদ্যোগে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, অনুপ্রাণিত হয়েছে।
তবে ডিএফসির অর্থায়ন কোনো প্রকল্পের জন্য স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হবে না বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, প্রতিটি প্রকল্প আলাদাভাবে যাচাই-বাছাই করে অর্থায়নের বিষয়টি বিবেচনা করা হবে। প্রকল্পভিত্তিক এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ আনার উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।