জানা নিউজ

ঘরে মিলল গৃহবধূর লাশ

রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়িতে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাতালশাহ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া সিদ্দিকা একই এলাকার আবুল কাশেম বাড়ির বাসিন্দা আবু বক্করের ছেলে ওমর ফারুকের স্ত্রী। প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তাদের বিয়ে হয়।

ওমর ফারুক বর্তমানে সৌদি আরবে প্রবাসী। এই দম্পতির কোনো সন্তান নেই।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, মেয়ের সংসারে পারিবারিকভাবে কোনো কলহ বা বিবাদ ছিল না। তবে শ্বশুরবাড়িতে এনজিওর ঋণ নিয়ে ঝামেলা ছিল বলে তিনি জানতে পেরেছেন।

তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে পাশের এক ব্যক্তির কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পেয়ে দ্রুত শ্বশুরবাড়িতে ছুটে আসেন। সেখানে গিয়ে মেয়েকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়রা রাঙ্গুনিয়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার মেয়ের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের সন্দেহ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারীর লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।