জানা নিউজ

গোপালগঞ্জসহ দুর্গাপূজা ঘিরে ১৬-২২ অক্টোবর দায়িত্বে বিজিবি

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হবে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি মোতায়েন করা হবে।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।বিজিবির এ কর্মকর্তা জানান, দায়িত্ব পালন করতে যাওয়া মণ্ডপগুলোর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে প্রায় ১ হাজার ৪২৫টি।
ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ১১৯টি এবং দুর্গম ও দূরবর্তী এলাকায় রয়েছে ১৮৩টি পূজামণ্ডপ।তিনি আরও জানান, পূজামণ্ডপগুলো সরেজমিনে পরিদর্শন করে যাতায়াতের পথ, স্থানীয় পরিবেশ ও যোগাযোগব্যবস্থা বিবেচনায় নিরাপত্তাপরিকল্পনা তৈরি করা হয়েছে।
দুর্গম এলাকার মণ্ডপগুলোতে নিরাপত্তা কার্যক্রম সহজ করতে প্রায় ২১টি বেজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া বিজিবি সদর দপ্তর ও মাঠপর্যায়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলে জানান তিনি।পূজার সময় গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে উল্লেখ করে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, সংবেদনশীল কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা প্রয়োজন।

সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালন ও উৎসবে অংশ নিতে পারেন, সে জন্য নিরাপত্তা বাহিনী ও প্রশাসন কাজ করবে বলেও জানান তিনি।