ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না বলে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ইরানকে এ বিষয়ে সমঝোতায় আসতে হবে এবং চুক্তির শর্ত মেনে চলতে হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির সংকট সমাধানেও অগ্রগতির দাবি করেছেন তিনি। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ভারত সফরে গিয়ে ইরানকে নিয়ে কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কো রুবিও। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।’ তিনি জানান, এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। তবে এর জন্য তেহরানকে সমঝোতা মেনে নিতে হবে এবং চুক্তির শর্ত বাস্তবায়ন করতে হবে। মার্কো রুবিও আরও অভিযোগ করেন, ইরান বিশ্বে ‘সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক’। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পৃথিবীর আর কোনও দেশ ইরানের মতো এত বেশি সন্ত্রাসে অর্থায়ন করে না’। রুবিওর দাবি, ইরান নিজেদের জনগণের জীবনমান উন্নয়ন বা অবকাঠামো তৈরিতে অর্থ ব্যয় না করে হিজবুল্লাহ ও হামাসকে সহায়তা দিচ্ছে। হিজবুল্লাহ ও হামাস ইরানের তথাকথিত ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর অংশ। এটি মূলত মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী সশস্ত্র ও রাজনৈতিক গোষ্ঠীগুলোর একটি নেটওয়ার্ক। রুবিও বলেন, ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসে অর্থদাতা ইরান। তারা এখন কী করছে দেখুন। তারা বেসামরিক জাহাজ জিম্মি করে রেখেছে। আন্তর্জাতিক জলপথে মাইন পেতে রেখেছে।’