জানা নিউজ

৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগে জটিলতা কেটেছে: অ্যাটর্নি জেনারেল

আপিল বিভাগের রায়ে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষকের নিয়োগে জটিলতা কেটেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগের রায়ের পর তিনি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, চার সদস্যের আপিল বেঞ্চ আজ একটা রায় দিয়েছেন। এ রায়টি সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে ঘোষিত হয়েছে। আপিলটি মঞ্জুর হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের যে আইনি জটিলতা ছিল, আজ এ রায়ের মাধ্যমে সে জটিলতা দূর হলো। প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এ রায়টি ইতিবাচক প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় দেন।
এর আগে ২০১৭ সালে ৫০% চাকরিকাল গণনা করে গ্রেডেশন তালিকা প্রণয়ন করে জ্যেষ্ঠতা দেওয়া, প্রধান শিক্ষক হিসেবে পে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা দেওয়ার দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটে হাইকোর্ট রুল দেন। সেই রুলের শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ।