লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশের পথে রওয়ানা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি বাসা থেকে বেরিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় তিনি লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের পথে রওয়ানা হন। অল্প সময়েই তারা বিমানবন্দরে পৌঁছে যান।
আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আবেগ-উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রবাসে দীর্ঘ সময় কাটানোর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন দলটির নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি। মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। ইতোমধ্যে দফায় দফায় দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানস্থল পরিদর্শন করে প্রস্তুতির অগ্রগতি দেখছেন। বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের সময় গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। ২০০৮ সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছিলেন। তার স্ত্রী ডা. জুবাইদা রহমান একাধিকবার দেশে এলেও এতদিন তারেক রহমানের দেশে ফেরা সম্ভব হয়নি।