জানা নিউজ

হাতিরঝিল-সংলগ্ন এলাকায় ‘নগর বাগান প্রকল্পের’ উদ্বোধন

নগরবাসীর জীবনযাত্রায় সবুজায়নের ছোঁয়া আনতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে হাতিরঝিল-সংলগ্ন এলাকায় নগর বাগান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেল ৩টায় হাতিরঝিল এলাকায় ‘নগর বাগান প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

‘ফুটস্টেপস বাংলাদেশ’র সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় খাল খনন থেকে শুরু করে নগরকে আধুনিকায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি জোনে বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় মগবাজারে দীর্ঘদিনের অবহেলিত একটি পার্ক বা বাগান নির্মাণ করা হয়েছে।

এ উদ্যোগে সহযোগিতা করার জন্য প্রাইভেট সেক্টর, ফিনিক্স, ম্যাক্সিম গ্রুপ, সিটি ব্যাংক এবং প্যারাডাইম ইন্স্যুরেন্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। 

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ফুড স্টেপস যৌথভাবে নগরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখার জন্য বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

কিছুদিন আগে গুলশান লেকের আশপাশের অপরিষ্কার পানি ও ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে এবং সিটি করপোরেশনের সহযোগিতায় পরিষ্কার করে একটি নান্দনিক লেক উপহার দেওয়া হয়েছে। লেকের পাশের দেয়ালে সুন্দর গ্রাফিতি আঁকা হয়েছে, যা সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে।
 

বছিলা খালের বিষয়ে প্রশাসক বলেন, কিছুদিন আগে বছিলা ৪০ ফিট খালটি ময়লা-আবর্জনায় ভরা থাকলেও, ফুড স্টেপস ও যুবসমাজের উদ্যোগে দীর্ঘদিন পর সেটিকে উদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। খালের দুই পাশে কালভার্ট নির্মাণ করে বসার ব্যবস্থা, বেঞ্চ, ডাস্টবিন এবং পর্যাপ্ত স্ট্রিটলাইটের ব্যবস্থা করা হয়েছে। এই খালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে টানা ৪৫ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মগবাজারে একটি নতুন সবুজায়ন বাগান তৈরি করা হয়েছে, যেখানে এসে সাধারণ মানুষ বিকেলবেলা সময় কাটাতে ও সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে।

ফুটপাত উচ্ছেদ প্রসঙ্গে ডিএনসিসির প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ ও অনুপ্রেরণায় ফুটপাত উচ্ছেদের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানেই উচ্ছেদ করা হবে, সেখানে অবৈধভাবে আর কোনো ব্যবসায়ী বসতে পারবে না। মিরপুরকে উদ্ধার করার পর পর্যায়ক্রমে নগরের অন্যান্য স্থানেও যেখানে ফুটপাতবাসীর জটলা সৃষ্টি হবে, সেখানে উচ্ছেদ অভিযান চলছে এবং থাকবে।

‘নগরবাসীর দেওয়া ট্যাক্সে নির্মিত ফুটপাত দিয়ে যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। দীর্ঘ ২৫ বছরের জঞ্জাল মিরপুরের মতো জায়গায় সফলভাবে শেষ করা গেছে। পর্যায়ক্রমে বাকি ফুটপাতগুলোও দখলমুক্ত করা হবে। ঢাকাকে পরিষ্কার ও সবুজায়ন করতে হবে। ফুটপাত ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্নয়নের সঙ্গে জড়িত যুবসমাজ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই কার্যক্রম শুধু মগবাজারেই সীমাবদ্ধ নয়, উত্তরা ও মোহাম্মদপুরেও চলছে। আগামী ২৭ তারিখে মিরপুরের ১১ নম্বর প্যারিস খালে অবৈধ দখল উচ্ছেদ অভিযান সকাল ৯টায় শুরু হবে। সেখানে ফ্রান্সের অ্যাম্বাসেডরসহ আমরা উপস্থিত থাকব।

মাদকমুক্ত সমাজ গঠন ও ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ঢাকা উত্তর ছাত্রদল মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনসহ নানা ভালো পদক্ষেপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস প্রার্থীসহ ছাত্রদল আমাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে আমরা যেকোনো বাধা মোকাবিলা করতে প্রস্তুত। যারা এই কাজে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে।

তিনি বলেন, মগবাজারের যে বাগানটি নষ্ট হয়েছে, সেখানে পরিচর্যার মাধ্যমে আরও দুই হাজার গাছ রোপণ করা হবে। দীর্ঘ ১৮ বছর কষ্টের পর দেশ গড়ার কাজে সবাইকে নিজ দায়িত্বে সহযোগিতা করার আহ্বান জানানো হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা ‘ফুড স্টেপস’ ও সংশ্লিষ্ট সবার এই জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন এবং নগর উন্নয়নে তাদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার হোসেন, সবুজায়ন ও পরিবেশের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার কাসেম, ফুড স্টেপসের কর্মকর্তারা এবং স্থানীয় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগত নেতাকর্মীরা।