পাকিস্তান সফলভাবে পরীক্ষা চালিয়েছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-২ এক্সটেন্ডেড রেঞ্জ’ (ইআর)। গত মঙ্গলবার এই পরীক্ষা সম্পন্ন হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এতে উন্নত নেভিগেশন প্রযুক্তি ও আধুনিক অ্যাভিওনিকস যুক্ত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটির বিশেষ গতিপথ ও কৌশলগতভাবে দিক পরিবর্তনের সক্ষমতা রয়েছে, যার ফলে এটি লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে বলেও দাবি করা হয়েছে। ফাতাহ-২ ইআর-এর বর্ধিত পাল্লা পাকিস্তানের দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ও সামরিক কার্যপরিসর আরও বাড়াবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। পরীক্ষার সময় উপস্থিত ছিলেন আর্মি রকেট ফোর্স কমান্ডের কমান্ডার, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা। সফল পরীক্ষার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং তিন বাহিনীর প্রধানরা। এর আগে গত সপ্তাহে পাকিস্তান ফাতাহ-৪ স্থলভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের বর্ধিত সংস্করণের পরীক্ষা চালায়। গত মে মাসেও দেশটি একই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।