জানা নিউজ

হলুদ সাংবাদিকতা বন্ধ না হলে সুস্থ ধারার সাংবাদিকতা পিছিয়ে পড়বে

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, হলুদ সাংবাদিকতা বন্ধ না হলে সুস্থ ধারার সাংবাদিকরা পিছিয়ে পড়বেন। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা যাচাই এবং বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতার মধ্যে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। শনিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এমআরইউ মিডিয়া ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফরিদা খানম বলেন, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলাচ্ছে। তরুণ সাংবাদিকেরা মাল্টিমিডিয়ার মাধ্যমে সংবাদ পরিবেশন করছেন।

জুলাই আন্দোলনে মাল্টিমিডিয়া রিপোর্টারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রান্তিক পর্যায় থেকে ছবি ও ভিডিও পাঠানোর মাধ্যমে তারা আন্দোলনের বাস্তব চিত্র ঢাকায় তুলে ধরেছেন।
এতে আন্দোলন আরও বেগবান হয়েছে এবং সফলতা অর্জনে ভূমিকা রেখেছে।তরুণ সাংবাদিকদের উদ্দেশে ঢাকা জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতে তারাই সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ কারিগর হবেন। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে। তথ্যের বিভ্রান্তি ও বিকৃতি যেন না ঘটে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। দ্রুত সংবাদ প্রকাশের চেয়ে সঠিক সংবাদ পাঠকের কাছে পৌঁছে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ঢাকা জেলা প্রশাসন সাংবাদিকদের পাশে রয়েছে। সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে তারা পাশে থাকবেন।

ডিআরইউর এ আয়োজনের সাফল্য কামনা করে ফরিদা খানম বলেন, নতুন ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। অভিজ্ঞ সাংবাদিকদের পাশাপাশি তরুণদেরও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহরিয়ার নাইম, সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজবা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিলন আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক ইয়াসিন আরাফাতসহ সংগঠনের সদস্যরা।