জানা নিউজ

হত্যাচেষ্টা মামলায় পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ (৪০) ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। শুক্রবার র‌্যাব-২ এ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন, মো. গুড্ডু (৩৮), মো.শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)। খান আসিফ তপু বলেন, রাজধানীর বিভিন্ন এলাকা হতে পৃথক অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকন্দ্রিক হত্যাচেষ্টা মামলার আসাসি ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, আসামি মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে, মো. গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে, মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে ও মো. সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল গত বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করে। এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা ও মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা হতে অপর ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় সমপ্রতি সরকারকে অস্থিতিশীল করতে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়। আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।