৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ে হতে যাচ্ছে হংকং সিক্সেস, যেখানে অংশ নেবে বাংলাদেশ। আর সিক্স-এ-সাইড এই টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই আসরে বাংলাদেশের অধিনায়ক ছিলেন আকবর। যদিও এখনো জাতীয় দলে খেলা হয়নি তার। তবে হংকং সিক্সেসে তিনি নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। আকবরের নেতৃত্বে দলে আরও রয়েছেন আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদ রায়হান। হংকং সিক্সেসে এখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। তবে ২০২৪ সালে সেমিফাইনাল খেলেছিল টাইগাররা। গত আসরের দলেও ছিলেন রনি, সাইফউদ্দিন ও জিসান। এবার তাদের সঙ্গী হচ্ছেন মোসাদ্দেক, রাকিবুল ও পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল। আগামী ৭ নভেম্বর বাংলাদেশ ও হংকংয়ের ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু হবে। একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষেও মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া টুর্নামেন্টে অংশ নিচ্ছে ইংল্যান্ড, ইউএই, পাকিস্তান, কুয়েত, আফগানিস্তান, নেপাল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
বাংলাদেশ স্কোয়াড-
আকবর আলী (অধিনায়ক), আবু হায়দার রনি, জিসান আলম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, রাকিবুল হাসান, তোফায়েল আহমেদ রায়হান।
Next Post