জানা নিউজ

স্বর্ণের দাম ভরিপ্রতি সাড়ে ৬ হাজার টাকা বাড়লো

দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। গতকাল বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল বুধবার সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম কার্যকর হয়। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রূপার দাম বাড়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫২ হাজার ৪০৮ টাকায়। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৫ হাজার ৮১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ৪০ হাজার ৯১৯ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ভরিতে ২ লাখ ৬ হাজার ২৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৬৮ হাজার ১২৩ টাকা। বাজুসের নির্ধারণ অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণের দাম ২১ হাজার ৬৪০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ২০ হাজার ৬৫৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১৭ হাজার ৭০৫ টাকা। এ ছাড়া প্রতি গ্রাম ২২ ক্যারেট রৌপ্য অলংকারের দাম নির্ধারণ করা হয়েছে ৫০৫ টাকা, ২১ ক্যারেট রৌপ্য ৪৮০ টাকা এবং ১৮ ক্যারেট রৌপ্য ৪১০ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে। পাশাপাশি ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।