জানা নিউজ

সৈয়দপুরে এবার ৮৫ মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় এবার ৮৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। তবে পূজামণ্ডপের চূড়ান্ত সংখ্যা এখনো নির্ধারণ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সৈয়দপুর পূজা উদযাপন কমিটির সভাপতি রাজ কুমার পোদ্দার বলেন, উপজেলায় এবার কতটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, তার সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। সরকারি তালিকা চূড়ান্ত হওয়ার পর মণ্ডপের সংখ্যা নিশ্চিত হওয়া যাবে। সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ বলেন, দুর্গাপূজার মণ্ডপের সরকারি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে খসড়া তালিকায় ৮৫টি মণ্ডপের নাম রয়েছে। এর মধ্যে সৈয়দপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় এসব মণ্ডপ রয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য পুলিশ প্রশাসন সজাগ রয়েছে। পূজা উপলক্ষে মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় এবারও সৈয়দপুরে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।