সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বাংলানিউজকে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
তিনি বলেন, সুইডেন আসলাম নতুন করে তার অপরাধ সাম্রাজ্য গুছিয়ে অপরাধ কার্যক্রম শুরু করেছিলেন। তার সঙ্গে কারা কারা জড়িত, তাদেরও নজরদারিতে রাখা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে সুইডেন আসলামের সম্পৃক্ততা রয়েছে কি না, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, এসব ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে আপাতত সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়গুলো আরও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, টিটন হত্যা মামলার তদন্তে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রাজধানীর নিউমার্কেট এলাকায় যেদিন খন্দকার নাঈম আহমেদ ওরফে টিটনকে গুলি করে হত্যা করা হয়, সেদিন সুইডেন আসলাম ঢাকায় অবস্থান করছিলেন। প্রাথমিক তদন্তে টিটন হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে।
ওই কর্মকর্তা আরও বলেন, ২০২৪ সালে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সুইডেন আসলাম বিদেশে চলে যান। পরে দেশে ফিরে আবারও নিজের অপরাধ সাম্রাজ্য গুছিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করেন। গোয়েন্দা নজরদারির বিষয়টি আঁচ করতে পেরে তিনি আবারও দেশ ছাড়ার চেষ্টা করছিলেন। থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে করে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।
টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের সংশ্লিষ্টতার তথ্য প্রাথমিক তদন্তে উঠে আসায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও জানান ওই কর্মকর্তা।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতির মধ্যে জামিনে মুক্তি পাওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসীদের একজন ছিলেন সুইডেন আসলাম।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০। নথিতে উল্লেখ রয়েছে, ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে আসেন। পরে ২০২০ সালের ২০ মার্চ তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
তার বাবার নাম শেখ জিন্নাত আলী। গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকায়।