জানা নিউজ

সিয়ামের প্রশংসায় সুস্মিতা, ‘রাক্ষস’ নিয়ে উচ্চাশা

রোজার ঈদে ঢালিউডে অভিষেকের অপেক্ষায় আছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। অ্যাকশন রোমান্টিক সিনেমা ‘রাক্ষস’-এ তিনি জুটি বেঁধেছেন সিয়াম আহমেদর সঙ্গে। শুটিং শেষের পথে, আর সহশিল্পীর প্রশংসায় পঞ্চমুখ নায়িকা। সুস্মিতা বলেন, “সিয়াম খুব দারুণ। পর্দায় আমাদের রসায়ন দর্শক উপভোগ করবেন। পর্দার বাইরেও আমাদের বন্ধুত্বটা বেশ জমেছে। শুরু থেকেই সে আমাকে অনেক সহযোগিতা করেছে। ফলে ক্যামেরার সামনে কাজ করাটা সহজ হয়েছে।” তার আশা, দর্শক এই নতুন জুটিকে সাদরে গ্রহণ করবেন। গত ডিসেম্বরে ‘রাক্ষস’-এর শুটিং করতে বাংলাদেশে আসেন তিনি। সে সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এমন পরিস্থিতিতেও ইউনিটের আতিথেয়তা ও নিরাপত্তায় মুগ্ধ সুস্মিতা। তার ভাষায়, “রাতারাতি একটি দেশের পরিস্থিতি বদলে যেতে দেখেছি। যদিও সেই উত্তাপ আমাকে ছুঁতে পারেনি। সাবধানতার জন্য শুটিং কিছুদিন বন্ধ ছিল। কিন্তু ইউনিটের কেউ আমার গায়ে আঁচড়ও লাগতে দেননি।” ভাষার উচ্চারণগত পার্থক্যের কারণে শুরুতে কিছুটা সমস্যায় পড়েছিলেন তিনি। তবে সহশিল্পী ও নির্মাতাদের সহায়তায় দ্রুতই তা কাটিয়ে ওঠেন। বাংলাদেশ অংশের কাজ শেষে শ্রীলঙ্কায় প্রায় এক মাস শুটিং হয়েছে। এখন বাকি আছে দুটি গানের দৃশ্যধারণ। সেগুলো শেষ হলেই ক্যামেরা ক্লোজ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ মুক্তি পাবে রোজার ঈদে। সুস্মিতা জানান, এর আগে জিৎর সঙ্গে তার অভিনীত ‘চেঙ্গিজ’ও ঈদে মুক্তি পেয়েছিল। “ঈদ দুটো ছবিরই কমন ফ্যাক্টর। আশা করছি, চেঙ্গিজের মতো রাক্ষসও সাড়া ফেলবে। পোস্টারে নায়কের ঠোঁটে গোলাপ আছে, মানে গল্পে প্রেম আছে। আমার চরিত্রেও অনেক স্তর রয়েছে,”বলেন তিনি। সম্প্রতি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, “দুই দেশের সাংস্কৃতিক আদানপ্রদান আবার আগের মতো অবাধ হোক। মাঝখানে তো একটি কাঁটাতারের বেড়া আছে। ভবিষ্যতে যেন এই বেড়া আর সম্পর্কের পথে বাধা না হয়ে দাঁড়ায়।” ঈদের বড় পর্দায় নতুন জুটি, নতুন গল্প। সব মিলিয়ে ‘রাক্ষস’ নিয়ে প্রত্যাশার পারদ বেশ চড়া।