জানা নিউজ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য

স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে রোববার (২৫ জানুয়ারি) বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। সাদ্দামের পরিবারের মৌখিক ইচ্ছা অনুযায়ী যশোর জেলগেটে স্ত্রী ও সন্তানের লাশ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। মানবিক কারণে যশোর জেলা প্রশাসন ও কারাগারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যশোর জেলা প্রশাসক বা কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে এমন সংবাদ সঠিক নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে এবং জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে।

রোববার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।