জানা নিউজ

সাদা বল, লাল বল সব ফরম্যাটেই পারফর্ম করতে চান রাকিবুল

জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যেতে চান ময়মনসিংহের অধিনায়ক রাকিবুল হাসান। লাল বল কিংবা সাদা বল সব ফরম্যাটেই নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

এবারের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আগে আট দলের অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের লক্ষ্য ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন রাকিবুল। জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার প্ল্যান ওই যে লাল বল হোক, সাদা বল হোক, সবসময় পারফর্ম করে যাওয়ার এই চেষ্টা করি।

যদি কখনো সুযোগ আসে, যে বলই আসুক, সাদা বল আর লাল বল, নিজেকে প্রমাণ করার চেষ্টা করব।’ময়মনসিংহের নেতৃত্বে থাকা রাকিবুলের জন্য এবারের এনসিএল নিজেদের প্রমাণের আরেকটি সুযোগ।

প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে স্পিনার হিসেবে চ্যালেঞ্জ থাকলেও নিজেদের শক্তির ওপর ভরসা রেখে ভালো করতে চান তিনি। 

রাকিবুল বলেন, ‘দেখেন ভাই ফার্স্ট ক্লাস অলওয়েজ চ্যালেঞ্জ।

আমি যখন থেকে খেলি তখন থেকেই সবসময় কম্পিটিটিভ, হয়তোবা ওই টেকনিকের ব্যাপারটা আছে। ওটা হয়তোবা আমাদের আগে ছিল। আমি যখন থেকে খেলি তখন থেকেই ফার্স্ট ক্লাসে অনেক কম্পিটিটিভ খেলা হয়। প্রতি বছরই সবাই চ্যাম্পিয়ন হতে চায়।’ 

স্পিনারদের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এ্যাজ এ স্পিনার, দেখেন চ্যালেঞ্জ তো থাকেই। অপজিশনে তো সবাই ভালো ব্যাটাররা খেলে, তো আমরা মানে ওইতো বোলিংয়ের জন্য চ্যালেঞ্জ থাকে। বাট নিজেদের স্ট্রেংথে ব্যাক করে সবাই চেষ্টা করে ভালো করার।’

অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে রাকিবুলের। ২০২২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তিনি। এ ছাড়া গত বছর এনসিএল টি-টোয়েন্টিতে তিন ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নেতৃত্বের বিষয়ে আরও শেখার আগ্রহ প্রকাশ করেন ময়মনসিংহ অধিনায়ক।

আকবর আলীকে ভালো অধিনায়ক হিসেবে উল্লেখ করে রাকিবুল বলেন, ‘আমি আন্ডার-নাইনটিন ২০২২ ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেন ছিলাম। আর গত বছর এনসিএলে তিনটা ম্যাচে ক্যাপ্টেনসি করেছি। সো, ওই অভিজ্ঞতা আছে। আর উনার (আকবর) যে কথাটা বললেন, অবশ্যই উনি খুব ভালো একজন ক্যাপ্টেন। চেষ্টা করি উনার সাথে কথা বলার, কিভাবে সে ক্রিকেটটা তার পয়েন্ট অফ ভিউতে কিভাবে দেখে বা কিভাবে চেষ্টা করে সে কথা হয়।’