জানা নিউজ

সমালোচনা নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ

সন্তান জন্মের পর শারীরিক ওজন বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এসব সমালোচনায় বিচলিত নন তিনি। বরং জীবনের এই বিশেষ সময় উপভোগ করতে চান অভিনেত্রী। তাঁর মতে, মানুষের পরিবর্তনশীল মতামতের কারণে জীবনের আনন্দময় মুহূর্তগুলো নষ্ট করা উচিত নয়। সম্প্রতি ‘ভোগ ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্ব, শারীরিক পরিবর্তন ও ফিটনেস নিয়ে কথা বলেছেন ক্যাটরিনা। অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে তাঁর এক বছর বয়সী ছেলে ভিহান। গত সেপ্টেম্বরে মুকেশ আম্বানির পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর জনসমক্ষে তাঁর উপস্থিতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ওজন বৃদ্ধি নিয়ে শুরু হয় সমালোচনা। এ প্রসঙ্গে ক্যাটরিনা বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর একজন নারীর শরীরে কী পরিবর্তন আসে, তা অধিকাংশ মানুষেরই জানা। এরপরও কেউ যদি সেই শরীরকে কঠোর দৃষ্টিতে বিচার করতে চান, সেটি তার ব্যক্তিগত পছন্দ। তথ্যের অভাবকে এর জন্য দায়ী করা যায় না, কারণ এ বিষয়ে প্রচুর তথ্য রয়েছে। আমি শুধু জীবনের এই সুন্দর সময় এবং সামনে এগিয়ে যাওয়ার পথের দিকে মনোযোগ দিতে চাই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মতামত নিয়ে তিনি আরও বলেন, ‘আমরা এমন এক পৃথিবীতে বাস করি, যেখানে মানুষের পরিবর্তনশীল মতামতের বাতাস আমাদের এদিক-ওদিক ঠেলে নিয়ে যেতে চায়।’ সন্তান জন্মের পর আগের শারীরিক গঠনে ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘আগের অবস্থায় ফিরে যাওয়া? কোথা থেকে ফিরে যাব?’ এমন প্রশ্ন তুলে অভিনেত্রী বলেন, ‘আমি আমার হৃদয়ের গভীরে থাকা একটি আকাঙ্ক্ষার দিকে এক ধাপ এগিয়েছি। তাহলে আবার পেছনে ফিরতে চাইব কেন?’ মাতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরে ক্যাটরিনা বলেন, ‘সন্তান জন্ম দেওয়ার পর প্রথম কয়েক দিন ভিহানের মুখের দিকে তাকিয়ে থাকা এবং উপলব্ধি করা যে আমার ও ভিকির চার বছরের যাত্রা আমাদের এই মুহূর্তে এনে দিয়েছে, তা ছিল ভাষায় প্রকাশ করার মতো নয়।’ নিজের ফিটনেস নিয়ে সচেতন ক্যাটরিনা আগের মতো কর্মক্ষম ও প্রাণবন্ত বোধ করতে চান। তবে তাড়াহুড়ো করে নয়, নিজের গতিতেই সেই লক্ষ্যে পৌঁছাতে চান তিনি। সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়া তারকাদের মধ্যে ক্যাটরিনা একা নন। ঐশ্বরিয়া রাই বচ্চনসহ বলিউডের একাধিক তারকাও শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন। তারকাদের শারীরিক গঠন নিয়ে অতিরিক্ত চর্চার সমালোচনা করেছেন মাধুরী দীক্ষিত, সালমান খান, মৃণাল ঠাকুর ও পরিণীতি চোপড়ার মতো তারকারা। ক্যাটরিনার বক্তব্যে উঠে এসেছে, মাতৃত্বের পর শরীরের পরিবর্তন স্বাভাবিকভাবে গ্রহণ করা এবং অন্যের মন্তব্যের চেয়ে নিজের সুস্থতা ও ভালো থাকাকে গুরুত্ব দেওয়াই বেশি জরুরি।