কাজীপাড়া স্টেশন থেকে মেট্রোরেলে ওঠার সময়ও আকাশ ছিল স্বাভাবিক। তবে বিজয় সরণিতে নামতেই যাত্রীরা মুখোমুখি হন অন্য পরিস্থিতির।
হঠাৎ শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে রাজধানীজুড়ে চরম ভোগান্তিতে পড়েছেন গৃহমুখী মানুষ। কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফেরার পথে আকস্মিক এই বৃষ্টিতে একপ্রকার স্থবির হয়ে পড়ে রাজপথ।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার পর থেকে রাজধানীর বাংলামোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি, কাজীপাড়া থেকে মিরপুরসহ বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টির হাত থেকে বাঁচতে মানুষ ভিড় জমায় মেট্রোরেলের স্টেশনগুলোতে।
কাজীপাড়া ও বিজয় সরণিসহ বিভিন্ন স্টেশনের সিঁড়ি, নিচ তলার কাউন্টার ও মেঝেতে বসে পড়েন শত শত অপেক্ষমাণ যাত্রী। গন্তব্যে পৌঁছানোর বিকল্প মাধ্যম না থাকায় মেট্রোর ভেতরেই আটকে পড়েন অনেকে।