জানা নিউজ

শ্রমিক রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নারায়ণগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হোসিয়ারি শ্রমিক রাসেলকে (১৭) হত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন।

এদিন সাক্ষ্য দেন নিহত রাসেলের বাবা পিন্টু রহমান এবং প্রত্যক্ষদর্শী দেওভোগ সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, আদালত এদিন দুজনের সাক্ষ্য গ্রহণ করেছেন।

সাক্ষীদের বক্তব্য অনুযায়ী, শামীম ওসমান তার দলবল নিয়ে রাসেলকে গুলি করে হত্যা করেছেন। মামলার রায়ে নিহত রাসেলের বাবা সর্বোচ্চ সাজা দাবি করেছেন।
সাক্ষ্যগ্রহণের সময় মামলার সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। শামীম ওসমানসহ ২৭ জন আসামি পলাতক রয়েছেন।

আগামী ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইদুর রহমান বলেন, আদালতে দেওয়া সাক্ষ্যে মামলার এজাহারনামীয় আসামিদের সঙ্গে রাসেল হত্যার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে জেরার সময় বাদী জানিয়েছেন, পুলিশের লেখা এজাহারে তিনি শুধু স্বাক্ষর করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ মার্কেটের সামনে গুলিতে আহত হন হোসিয়ারি শ্রমিক রাসেল। পরে ২২ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।