জানা নিউজ

শুটিং সেটে আহত হলেন জায়েদ খান

শুটিং সেটে আহত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। টিউবলাইটের ভাঙা কাচ তার মাথায় ঢ়ুকে যায়। কয়েক দিন আগে কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হননি জায়েদ খান। ঘটনার বর্ণনা দিয়ে এই তারকা বলেন, ‘একটি শটে আমার পিঠে ও হাতে ৫টা টিউবলাইট ভাঙছে, গ্লাসগুলো ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে মাথায় ঢ়ুকে গেছিল। আল্লাহ অনেক বিপদ থেকে রক্ষা করেছেন।’ অভিনেতা কামাল হোসেন বাবর অনেক দিন ধরে কানাডায় বসবাস করছেন। সেখানে তিনি নির্মাণ করছেন ‘ভায়োলেন্স’ সিনেমা। দৃশ্যটির শুটিং চলাকালীন তার হাতও কেটে যায়। জায়েদ খান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এ সিনেমার জন্য এখন কানাডায় অবস্থান করছেন। দেশটির বিভিন্ন মনোরম লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিংয়ের ফাঁকে কাজের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই অভিনেতা। আশা প্রকাশ করে জায়েদ খান বলেন, ‘এটি একটি ভালো সিনেমা হবে এবং কানাডাকে তুলে ধরবে। পাশাপাশি কানাডায় যারা আছেন, তাদেরও নৈতিক দায়িত্ব সিনেমাটিকে সহযোগিতা করা।’ দীর্ঘ বিরতির পর ‘ভায়োলেন্স’ দিয়ে বড়পর্দায় ফিরছেন জায়েদ খান। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরী প্রযোজিত সিনেমাটি বাংলাদেশ, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।