জানা নিউজ

শিল্পকলায় শুরু হলো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল রোববার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র উৎসব ‘একাল-সেকাল’। উৎসবের তিন দিনে প্রদর্শিত হবে ছয়টি সিনেমা। দর্শকদের জন্য সবকটি প্রদর্শনীই থাকছে বিনা টিকিটে। ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ উৎসব চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। বাংলাদেশের সমকালীন চলচ্চিত্রের পাশাপাশি প্রদর্শিত হবে দেশের চলচ্চিত্র ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কালজয়ী সিনেমা। গতকাল রোববার সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমন পরিচালিত আলোচিত সিনেমা ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর সিনেমাটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। দেশের পাশাপাশি বিদেশেও ছবিটি প্রশংসা পেয়েছে। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এরপর রাত ৮টায় দেখানো হয় কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের ‘জীবন থেকে নেয়া’। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ এ সিনেমায় অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ সে সময়ের খ্যাতিমান শিল্পীরা। আজ সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় থাকছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সমকালীন সিনেমা ‘মাস্তুল’। উৎসবের শেষ দিন আগামীকাল মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে বরেণ্য নির্মাতা আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’। এরপর রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। এ প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের ‘একাল-সেকাল’ চলচ্চিত্র উৎসব। আয়োজকদের পরিকল্পনায় ছয়টি সিনেমার নির্বাচনেও রাখা হয়েছে সময়ের বৈচিত্র্য। সমকালীন চলচ্চিত্রের পাশাপাশি দেশের চলচ্চিত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ নির্মাণগুলো একই উৎসবে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশমূল্য ছাড়াই ছয়টি সিনেমার প্রদর্শনী উপভোগ করতে পারবেন দর্শকরা।