জানা নিউজ

শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি: সচিবালয় অভিমুখী সড়কে পুলিশের ব্যারিকেড

শিক্ষামন্ত্রীর পদত্যাগ তিন দফা দাবি আদায়ে এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির প্রেক্ষিতে সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিয়েছে পুলিশ।

আজ বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সড়কে ব্যারিকেড বসিয়ে সচিবালয় অভিমুখী সড়ক বন্ধ করে দিতে দেখা যায় পুলিশকে।

জানা গেছে, সায়েন্সল্যাব থেকে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে আসার খবরে এই সড়কটি বন্ধ করে দেয় পুলিশ। প্রত্যেকটি ভেরি গেটের সঙ্গে এ সময় শিকলসহ তালা লাগাতে দেখা যায়। সড়কের দুই পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এরআগে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তিন দফা দাবির পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে একত্রিত হয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন। মিছিলের সামনে ও পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

শিক্ষার্থীদের সড়ক ছেড়ে যাওয়ার পর সায়েন্সল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে আটকে থাকা যানবাহন ধীরে ধীরে চলাচল শুরু করে। এর আগে অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে যারয়েছে-

১. দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা।

২. বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা।

৩. শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।