জানা নিউজ

লেবানন ও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলা

ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়াহ শহরে একটি ড্রোন হামলা চালিয়েছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ভোরবেলা হানিন শহরে বিমান হামলা চালিয়েছে। সেখানকার বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করেছে। এর আগে নাকোরা শহরে ইসরায়েলি হামলা চালানো হয়। সেখানে রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া খিয়াম শহরে বিমান হামলা ও বন্দুক হামলা চালানো হয়। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সৈন্যবাহী যানকে লক্ষ্য করে হিজবুল্লাহর এফপিভি ড্রোন হামলা ছুড়েছে। হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায়, দক্ষিণ লেবাননের আল-কানতারাতে একটি ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন একটি ইসরায়েলি সৈন্যবাহী যানকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ভিডিওটি প্রকাশিত হয়েছে এমন সময়ে, যখন ইসরায়েল তার কথিত ‘বাফার জোন’-এর বাইরে থাকা লেবাননের টায়ার জেলায় বিভিন্ন এলাকার জন্য নতুন করে স্থানীয়দের সরে যাওয়ার নির্দেশ জারি করেছে। এই পদক্ষেপের কারণে সীমান্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সীমান্তে সংঘর্ষ থামানোর জন্য একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও বাস্তবে পরিস্থিতি শান্ত হয়নি বলে জানা যাচ্ছে। নতুন এই নির্দেশ যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা আরো বাড়িয়ে তুলছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ১৪ জন ফিলিস্তিনি গ্রেপ্তার হয়েছে। ফিলিস্তিনি ওয়াফা সংবাদ সংস্থার মতে, ইসরায়েলি বাহিনী ভোরে অধিকৃত পশ্চিম তীরজুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। কালকিলিয়ার পূর্বে কাফর কাদ্দুমে সৈন্যরা শহরে অভিযান চালিয়ে তিন ভাই ও তাদের এক ছেলেকে গ্রেপ্তার করেছে। তুলকারেমের পূর্বে ইকতাবা উপশহরে ইসরায়েলি বাহিনী ভোরবেলা বাড়ি বাড়ি অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। হেবরন গভর্নরেটের বেইত উম্মারে সেনারা বেশ কয়েকটি এলাকায় অভিযান চালানোর পর আটজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে দুই ইসরায়েলি সেনা আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত রাতে সিলওয়াদ গ্রামে দুই যোদ্ধার হামলায় সেনারা আহত হয়েছেন। তারা জানিয়েছে, একজন যোদ্ধা নিহত এবং অন্যজন গ্রেপ্তার হয়েছে, আর আহত সেনাদের চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।