নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন ঘটনায় মূহুর্তেই আনন্দ বেদনায় পরিণত হয়েছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান (২২) এবং তার শ্যালক গালিব (১৮) ও শ্যালিকা সুরাইয়া (১২)।
জানা গেছে, আজ শনিবার (১৩ জুন) দুপুরের পর বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এমন মর্মান্তিক অনাকাঙ্খিত ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, “দুপুরে ডিএনডি লেকে একই পরিবারের চার সদস্য একসাথে গোসল করতে নামেন। গোসলে নামার অল্প কিছুক্ষণের মধ্যে একজন তীরে উঠে এলেও বাকি তিনজন পানির নিচে নিখোঁজ হন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আদমজী ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এর অন্তত ৪০ মিনিট পর নিখোঁজ সুরাইয়াকেও মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা।”
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, মৃতরা একই পরিবারের সদস্য। চারজন মিলে গোসলে নেমে একজন উঠে গেলেও তিনজন নিখোঁজ হয়ে মৃত্যুবরণ করে। তাদের প্রত্যেকের মরদেহ উদ্ধার করা হয়েছে।