অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। তবে আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে রাফায়েল রাফিনিয়ার ইনজুরি। তিনি চোটের অস্বস্তি নিয়ে খেলার বিরতিতে মাঠ ছেড়েছেন। যা নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে দায়ী করে সমালোচনা করছেন কেউ কেউ। যদিও ইতালিয়ান এই কোচ রাফিনিয়ার গুরুতর চোটের কথা উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে প্রশংসা করেছেন প্রায় শেষ পর্যন্ত মাঠে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের। অস্ট্রেলিয়ার সানকর্প স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্রাজিলের কোচ আনচেলত্তি রাফিনিয়ার চোট নিয়ে কথা বলেছেন। তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং চোটের ধরন নিয়ে ব্যাখ্যা করে বলেন, “রাফিনিয়া চোট পাননি, তিনি কেবল কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তাই তাকে বিশ্রামের সুযোগ দিতেই তুলে নিতে হয়েছিল। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা সিদ্ধান্ত নেব তাকে বার্সেলোনায় ফেরত পাঠানো হবে, নাকি এখানেই রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমি তাকে তার চোট নিয়ে জিজ্ঞেস করেছিলাম, জবাবে সে জানিয়েছে- ‘আমি ঠিক আছি’।” ম্যাচটিতে ভিনিসিয়ুস জুনিয়র গোল পাওয়ায় সমর্থকদের মতো আনচেলত্তিও বেশ খুশি, ‘আমি ভিনিকে খুব ভালোভাবেই চিনি। আমার দৃষ্টিতে ব্রাজিলের জন্য সে একজন অপরিহার্য খেলোয়াড়, আমার ফুটবল-যাত্রাজুড়ে সে এমনটাই ছিল এবং ভবিষ্যতেও ব্রাজিলের হয়ে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।’ একইসঙ্গে সাম্প্রতিক সময়ে ভিনির পুরোনো ফর্ম নিয়ে সমালোচনা হওয়ায় ধৈর্য ধরতে বললেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ, ‘এটা ঠিক যে এখন সে নিজের সেরা ফর্মে নেই। তা সত্ত্বেও ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তার আছে এবং আজও সেটাই করে দেখিয়েছে। যেহেতু সে আগেই গোল পেয়েছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে পেনাল্টিটি নেওয়ার সুযোগ তারই পাওয়া উচিত, কারণ একটি গোল করার যোগ্যতা সে রাখে। ব্যক্তিগতভাবে আমি তার প্রতি যথেষ্ট ধৈর্যশীল থাকব, কারণ সে এই ধৈর্যের দাবিদার।’