স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে বললেন, “রাজনীতিকে ধ্বংস করার উদ্দেশে একটি ষড়যন্ত্র চলছে, যা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির জন্য অশনিসংকেত।”
মির্জা ফখরুল বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে দেশের রাজনীতি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চরিত্রহননের অপচেষ্টা চালানো হচ্ছে এবং সমাজের কাছে তাদের নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে।”
‘ষড়যন্ত্রকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবে এমন ভাষা ব্যবহার করছে, যা রাজনৈতিক শিষ্টাচার ও স্বাভাবিক ধারাকে ক্ষতিগ্রস্ত করছে। চরিত্রহননের এ প্রবণতা রাজনীতির স্বাভাবিক বিকাশের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ের পর থেকেই কিছু রাজনৈতিক শক্তি এমনভাবে তৎপর হয়েছে যাতে দেশে গণতন্ত্রের চর্চা বাধাগ্রস্ত হয়’-উল্লেখ করেন তিনি।
তবে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়াকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের দায়িত্ব হবে দ্রুত এসব ষড়যন্ত্র চিহ্নিত করে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা।
বিএনপির রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। এটি কোনো বিপ্লবী দল নয়। জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে লক্ষ্য অর্জন এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণই বিএনপির রাজনৈতিক পথ।