স্টেডিয়াম খালি হওয়ার প্রায় ৩০ মিনিট পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি লেখেন, “আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনার সাক্ষী হতে হলো, তাতে আমি গভীরভাবে বিচলিত ও স্তম্ভিত।” মুখ্যমন্ত্রী আরও জানান, তিনি নিজেও হাজারো ক্রীড়াপ্রেমীর মতো মেসির এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন এবং স্টেডিয়ামের পথেই ছিলেন। এই ঘটনায় তিনি লিওনেল মেসি, তার অগণিত ভক্ত ও ক্রীড়াপ্রেমীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়। অন্য দুই সদস্য হলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই কমিটি পুরো ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
২০১১ সালের পর এটি ছিল মেসির দ্বিতীয় কলকাতা সফর, যা শেষ পর্যন্ত এক তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে শেষ হলো।