জানা নিউজ

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন রাজধানীর মিরপুরে নতুন একটি গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে। উদ্ভাবন ও ডিজিটাল-ফার্স্ট সেবার মাধ্যমে আরও উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ সেন্টার চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ, সার্কেল বিজনেস হেড (ঢাকা) আশফাকুজ্জামান চৌধুরী এবং গ্রামীণফোন সেন্টারের পার্টনার ইফতেখার মাহমুদ। এ ছাড়া গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তা, সেন্টার এজেন্ট, গ্রাহক এবং বৃহত্তর মিরপুর এলাকার স্থানীয় কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিরপুরের ঐতিহ্যবাহী বেনারসি পল্লী থেকে অনুপ্রাণিত হয়ে সেন্টারটি আধুনিক নকশা ও স্থানীয় সাংস্কৃতিক পরিচয়ের সমন্বয়ে সাজানো হয়েছে। এটি মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের পাশে স্থাপন করা হয়েছে, যাতে পল্লবী, মিরপুর-১০, রূপনগর, মিরপুর ডিওএইচএসসহ আশপাশের এলাকার গ্রাহকেরা সহজেই সেবা গ্রহণ করতে পারেন।

পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে নির্মিত এ সেন্টারে আধুনিক অবকাঠামো ও উন্নত গ্রাহকসেবার সুবিধা রাখা হয়েছে। এখানে গ্রাহকেরা গ্রামীণফোনের সব ধরনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন এবং সর্বাধুনিক পণ্য এক ছাদের নিচে পাবেন।

গ্রামীণফোন জানায়, নতুন এ সেন্টারটি সবার জন্য সহজলভ্য, আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করতে কোম্পানির ধারাবাহিক বিনিয়োগের অংশ। একই সঙ্গে এটি স্থানীয় কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং উন্নত গ্রাহকসেবা প্রদানে কোম্পানির অঙ্গীকারেরও প্রতিফলন।