জানা নিউজ

মাল্টিপ্লেক্সে ইতিহাস গড়ল ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’

বাংলাদেশের মাল্টিপ্লেক্সে মুক্তির প্রথম দিনেই নতুন ইতিহাস গড়েছে ‘স্পাইডার-ম্যান : ব্র্যান্ড নিউ ডে’। দর্শকদের ব্যাপক সাড়ায় সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্স ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে আয়ের রেকর্ড গড়েছে। একই সঙ্গে স্টার সিনেপ্লেক্সের ইতিহাসে নন-হলিডেতে সর্বোচ্চ একদিনের গ্রস কালেকশনের নতুন রেকর্ডও এখন এই সিনেমার দখলে। গত বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন শাখায় স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির ৬৫টি এবং লায়ন সিনেমাসে ২টি মিলিয়ে মোট ৬৭টি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬৫টি প্রদর্শনীই ছিল সম্পূর্ণ হাউজফুল। প্রথম দিনের গড় দর্শক উপস্থিতির হার ছিল ৯৮ দশমিক ৮০ শতাংশ। টিকিটের চাহিদা সামাল দিতে স্টার সিনেপ্লেক্স অতিরিক্ত শো যুক্ত করলেও বিপুল চাহিদার কারণে অনেক দর্শক টিকিট সংগ্রহ করতে পারেননি। ফলে ধারণা করা হচ্ছে, আরও প্রদর্শনীর সুযোগ থাকলে প্রথম দিনের আয় আরও বেশি হতে পারত। সবকিছু ঠিক থাকলে, দ্বিতীয় দিনের কালেকশন প্রথম দিনের রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।