জানা নিউজ

মারা গেছেন অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়

মারা গেছেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। গত রোববার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন মিঠু। মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা জানা যায়নি। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ও ওড়িয়া চলচ্চিত্রেও অভিনয় করেছেন মিঠু। ১৯৭০-এর দশকের শুরু থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল তার অভিনয়জীবন। ১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে ১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় মর্জিনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ‘নিশিকন্যা’, ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’ ও ‘প্রতিমা’র মতো সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান মিঠু। বিশেষ করে ‘মৌচাক’-এ নীপা চরিত্রে রঞ্জিত মল্লিকের সঙ্গে তার জুটি দর্শকের কাছে বেশ সাড়া ফেলে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলা সিনেমার পাশাপাশি ১৯৭৬ সালে দুলাল গুহর ‘খান দোস্ত’ দিয়ে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় মিঠুর। শত্রুঘ্ন সিনহার বিপরীতে অভিনয়ের পাশাপাশি রাজ কাপুরের সঙ্গেও কাজ করেন তিনি। পরে ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’র মতো হিন্দি সিনেমায় দেখা গেছে তাকে। তুলনামূলক স্বল্প অভিনয়জীবনেই উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুরসহ বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে কাজ করেছেন মিঠু মুখোপাধ্যায়। অনেক আগেই অভিনয় থেকে সরে গেলেও ‘মৌচাক’-এর নীপা ও ‘মর্জিনা আবদুল্লা’র মর্জিনার মতো চরিত্রের মাধ্যমে দর্শকের স্মৃতিতে তিনি দীর্ঘদিন বেঁচে থাকবেন।