ড. ইউনূস বলেন, প্রযুক্তি মন্ত্রণালয়ে যদি এমন কেউ থাকে, যিনি প্রযুক্তি সম্পর্কে ৩০ বছর আগে বোঝাপড়া অর্জন করেছিলেন, ৩০ বছরে সারা দুনিয়া বদলে গেছে। সে তখন যা পেয়েছে, সেটাই তার কাছে আছে। এটা তার দোষ নয়। কাজেই যারা বর্তমান পরিবর্তন অনুভব করছে, তাদেরকে আসতে দিতে হবে। প্রতিনিয়ত পরিবর্তন, প্রতিনিয়ত নীতি তৈরি ও বাস্তবায়ন করতে হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৫ বছরের বেশি সরকারি চাকরি থাকা ঠিক নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, গোটা পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে। কেউ সরকারি চাকরিতে প্রবেশ করলে সে আর নিজেকে বদলায় না।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, প্রযুক্তির গতি এত দ্রুত যে প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নীতি-প্রণেতা দ্রুত অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কারণ সে বসছে যে সময় সেটি কালকে পাল্টে যাচ্ছে, কিন্তু সে নিজে পাল্টাচ্ছে না। কাজেই এই পরিবর্তনগুলো নিয়ে যেতে হলে, যারা পরিবর্তনগুলো দেখেছে তাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের প্রথাগত আচরণ হলো পুরোনো আঁকড়ে থাকা। আর প্রযুক্তির কাজ হলো সেই পুরোনো কাঠামো ফেলে দেওয়া। এই দ্বন্দ্বে প্রযুক্তিকেই জয়ী হতে হবে। নইলে আমরা জেতার সুযোগ হারাব। আমাদের নেতৃত্ব দিতে হবে, কিন্তু আমরা ফলোয়ার হয়ে বসে আছি।