আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের অভিযোগ তদন্তে দেশজুড়ে গণশুনানির আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী সপ্তাহ থেকে প্রতি সপ্তাহে একটি করে জেলায় এ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। গণশুনানিতে অপরাধের তথ্য ও ভুক্তভোগীদের বক্তব্য সংগ্রহের পাশাপাশি বিচারাধীন মামলার নথি পর্যালোচনা করা হবে। কোনো অপরাধীকে শনাক্ত করা গেলে প্রয়োজনে তাৎক্ষণিক গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হবে।
বুধবার (২৫ নভেম্বর) ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচি আয়োজনের বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়কসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি ও গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের পাশাপাশি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় মহিলা সংস্থার প্রতিনিধিদেরও চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জেলা ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে গণশুনানি আয়োজন করা হবে। এতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। শুনানির আগে সংশ্লিষ্ট জেলার উপজেলা পর্যায়ে মাইকিং, গণমাধ্যমে প্রচার এবং ভুক্তভোগী পরিবারগুলোকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আমিনুল ইসলাম জানান, সরকার এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। গণশুনানিতে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনার মামলা থাকলে সংশ্লিষ্ট নথি ও রেকর্ড পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে শনাক্ত করে অভিযোগ ও তথ্য সংগ্রহ করা হবে। ট্রাইব্যুনালে বিচারযোগ্য অপরাধের তথ্য পাওয়া গেলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা নেওয়া হবে।
গণশুনানিতে অপরাধী শনাক্ত হলে প্রয়োজনে গ্রেপ্তারের ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান প্রধান কৌঁসুলি। তাঁর ভাষায়, “প্রয়োজনবোধে ওখানে তাৎক্ষণিকভাবে কোনো অপরাধীকে পাওয়া গেলে আমড়া গ্রেপ্তার করব।”
গণশুনানি যশোর জেলা থেকে শুরু করার পরিকল্পনা ছিল। ২৬ নভেম্বর সেখানে কর্মসূচি আয়োজনের কথা থাকলেও ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে কার্যক্রম শুরু হতে পারে। তবে আগামী সপ্তাহ থেকেই জেলা পর্যায়ে গণশুনানি আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রসিকিউশনের।
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত করার ক্ষমতা রয়েছে। এ কর্মসূচি সেই আইনগত ক্ষমতা ও ম্যান্ডেটের আওতায় পরিচালিত হবে।
তিনি বলেন, এসব অপরাধের বিচার নিশ্চিত করার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ ঠেকানোর বার্তা দেওয়া হবে।
আসামিদের আশ্রয়-প্রশ্রয়দাতাদেরও বিচারের সুযোগ
মানবতাবিরোধী অপরাধের আসামিদের কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আশ্রয়-প্রশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও প্রচলিত দণ্ডবিধিতে আলাদা অপরাধে বিচারের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, কোনো অপরাধীকে ব্যক্তি বা প্রতিষ্ঠান আশ্রয় কিংবা প্রশ্রয় দিলে সেটি আশ্রয়দাতা বা প্রশ্রয়দাতা ব্যক্তি কিংবা সংগঠনের নিজস্ব দায়। বাংলাদেশের দণ্ডবিধিতে এ ধরনের কাজের জন্য সুস্পষ্ট অপরাধের বিধান রয়েছে। ফলে তাদের আলাদা অপরাধে বিচারের মুখোমুখি করা যেতে পারে।
২০২৪ সালের ৫ আগস্টের পর শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত অনেক রাজনৈতিক নেতা কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, তা তদন্তের আওতায় আসবে কি না, এমন প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, অপরাধের বিচার করার ক্ষমতা প্রসিকিউশনের রয়েছে। তবে অপরাধীরা কী প্রক্রিয়ায় পালিয়েছেন, সেটি তদন্ত করার ক্ষেত্রে ট্রাইব্যুনালের আইনে কতটুকু এক্তিয়ার রয়েছে, তা পরীক্ষা করে দেখতে হবে।
রাজধানীর উত্তরায় র্যাব-১ সদর দপ্তরের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা ‘আয়নাঘর’ প্রসঙ্গেও কথা বলেন প্রধান কৌঁসুলি। কেউ যদি আয়নাঘর স্থাপন করে বা এর কার্যক্রম পরিচালনা করে, তাহলে তা মানবতাবিরোধী অপরাধের অংশ হিসেবে গণ্য হতে পারে বলে জানান তিনি।
২৮০ নিখোঁজ ব্যক্তির সন্ধানে সমন্বিত তদন্ত
গুমের স্বীকার হয়ে এখনও সন্ধান না পাওয়া প্রায় ২৮০ জনের ভাগ্য জানতে সমন্বিত তদন্ত চলছে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম। তারা বেঁচে আছেন কি না, তা খতিয়ে দেখতে গুমের ঘটনাগুলো একসঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি জানান, গুম-সংক্রান্ত নতুন আইনের আওতায় ব্যাপক ও পদ্ধতিগত গুমের অপরাধগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী, সাজেদুল ইসলাম সুমনসহ গুমের অন্যান্য মামলার তদন্তও চলছে।
বিস্তৃত এ তদন্তে শত শত ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলা, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহের কাজ চলছে। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে এসব ঘটনার বিচারের ব্যবস্থা করার আশা প্রকাশ করেন প্রধান কৌঁসুলি।
সালাহউদ্দিন, ইলিয়াস আলীসহ গুমের মামলার তদন্ত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাজেদুল ইসলাম সুমনসহ বিভিন্ন গুমের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এসব মামলার তদন্ত প্রতিবেদন শিগগিরই দাখিলের আশা করছেন তিনি।
২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন আহমদকে তুলে নেওয়ার অভিযোগ করেন তার স্ত্রী হাসিনা আহমেদ। ওই সময় সালাহউদ্দিন বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন। একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে।
ভারতীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, শিলংয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। পরে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ।
২০১৫ সালের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়। ২০১৮ সালে ওই মামলায় তিনি খালাস পান। ভারত সরকার রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে ভারতে অবস্থান করতে হয়। ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান তিনি। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।
একই বছরের ৮ মে ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন সালাহউদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পান তিনি। ১১ আগস্ট দেশে ফেরেন।
এরপর ২০২৫ সালের ৫ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগে শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের নাম রয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে বাসার কাছ থেকে নিখোঁজ হন। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সিলেট-২ আসনে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাকে তুলে নেওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
গত বছরের ৯ জানুয়ারি বিএনপির পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও হত্যার অভিযোগ দাখিল করা হয়। ওই অভিযোগে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ১৫৩ জনকে গুম এবং ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ আনা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা ওই অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে অভিযোগটি দাখিল করা হয়েছিল বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
এ মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার রয়েছেন।
জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্কে চিফ প্রসিকিউটরের মন্তব্য
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বুধবার দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নেন। ট্রাইব্যুনালের এ কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে মানুষ মনে করত কাউকে হত্যা করা, ক্রসফায়ারে দেওয়া কিংবা জোর করে গুম করা সম্ভব।
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণে এ ধরনের ব্যক্তিরা সরকারি দায়িত্বে থেকে নিষ্ঠুর অপরাধ করেছেন। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাদের ছিল, তারাই রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকা নিয়েছেন।
জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া উচিত নয় মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।
যুক্তিতর্কে আমিনুল ইসলাম বলেন, এ ধরনের ব্যক্তিকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাঁর বেঁচে থাকার কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি।
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। সাক্ষীদের বক্তব্যে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার বিষয় উঠে এসেছে, যা পরবর্তী তদন্তে আরও স্পষ্ট হতে পারে বলে জানান তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে ‘পারসোনা নন গ্রাটা’ মন্তব্যের ব্যাখ্যা দিয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দিয়ে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। শুধু ক্যান্টনমেন্টে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেন তিনি।