জানা নিউজ

মাকে হারালেন অভিনেত্রী বিপাশা কবির

ঢাকাই সিনেমার নায়িকা বিপাশা কবিরের মা মারা গেছেন। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে নেওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহিদা কবির (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এসব তথ্য নিশ্চিত করেছেন বিপাশা কবির। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন বিপাশা কবিরের মা। কিছুদিন আগেও হাসপাতালে ভর্তি ছিলেন। সম্প্রতি তার মায়ের শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফিরেন। কিন্তু হঠাৎ গত শনিবার রাতে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথেই পরপারে পাড়ি জমান। বটবৃক্ষের মতো মাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বিপাশা কবির। মায়ের শেষ বিদায়েও না থাকতে পারার আক্ষেপ, বেদনা তাকে জেঁকে ধরেছে। কারণ এই অভিনেত্রী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন তিনি। বিপাশা কবির তার স্ট্যাটাসে বলেন, ‘মা আর নেইৃ। ঠান্ডা ফ্রিজে মা ঘুমিয়ে আছে। বাদ জোহর দাফন। আমি হতভাগী, শেষবারের মতো মাকে জড়িয়ে ধরতেও পারলাম না। এই আফসোসটা সারাজীবন আমার বুকের ভেতর থেকে যাবে। আল্লাহ আমার মায়ের সব গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’ ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন বিপাশা কবির। অন্য অনেকর মতো তার ক্যারিয়ারের শুরুটাও সহজ ছিল না। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে একটি সিনেমার আইটেম গানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বিপাশা কবির। তার পারফরম্যান্স নজরকাড়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১৬ সালে ‘গুন্ডামী’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন বিপাশা। এরপর বাপ্পির বিপরীতে ‘বাজে ছেলে-দ্য লোফার’, সাইমন সাদিকের বিপরীতে ‘খাস জমিন’, শাহরিয়াজের বিপরীতে ‘ক্রাইম রোড’, সাঞ্জু জনের বিপরীতে ‘সোলমেট’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। ‘সোলমেট’ তার অভিনীত সর্বশেষ সিনেমা। এরপর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিপাশা।