জানা নিউজ

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সাবিলা নূরের আবেগঘন স্ট্যাটাস

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্কুলশিক্ষার্থীদের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবিলা নূর। এমন হতাহতের ঘটনায় সামাজিক মাধ্যমে চলছে শোকের মাতম। এ মর্মান্তিক ঘটনায় শোকে মুহ্যমান বিনোদন জগতের তারকারাও। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি এমন ভয়ংকর ঘটনায় ক্ষোভ জানিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। সামাজিক মাধ্যম ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, আমার শহরের ফুলগুলো পুড়ে যাবে ভাবিনি। এ শোক সইবার শক্তি পাই কোথায়? উল্লেখ্য, রাজধানীর উত্তরায় গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু শিক্ষার্থী ছিল। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়ে বিভিন্ন হাসপাতলে ভর্তি আছেন ১৬৫ জন।