জানা নিউজ

ভাইরাল হলো আমিরের সাবেক ও হবু স্ত্রীর আন্তরিক মুহূর্ত

তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড সুপারস্টার আমির খান। আগামী ৫ জুলাই তাদের বিয়ের আসর বসতে যাচ্ছে। কিছুদিন আগে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন আমির নিজেই। বিয়ে ঘিরে আলোচনা যখন তুঙ্গে, তখন তার সাবেক স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাটের একটি আন্তরিক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ভেতরে একসঙ্গে বসে আছেন আমির খান, গৌরী স্প্র্যাট, কিরণ রাও এবং আমির-কিরণের ছেলে আজাদ রাও খান। গাড়ির সামনের আসনে চালকের পাশে বসেছিলেন আমির, আর পেছনের আসনে পাশাপাশি বসে হাসি-আড্ডায় মেতে উঠতে দেখা যায় কিরণ ও গৌরীকে। তাদের স্বতঃস্ফূর্ত হাসির মুহূর্তই নেটদুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। অস্কার মনোনীত চলচ্চিত্র ‘লাগান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত, দ্বিতীয় স্ত্রী কিরণ রাও এবং হবু স্ত্রী গৌরী স্প্র্যাট। অনুষ্ঠানে তাদের একসঙ্গে উপস্থিতি অনেকের নজর কাড়ে। প্রসঙ্গত, ১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। ১৬ বছর একসঙ্গে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাদের। তাদের সংসারে জন্ম নেয় ছেলে জুনাইদ খান এবং মেয়ে ইরা খান। এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। ‘লাগান’ সিনেমা শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়েছিল। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দিলেও ছেলে আজাদের দায়িত্ব এখনও যৌথভাবেই পালন করছেন তারা।