তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করতে সরকার কাজ করছে।
পোলট্রি শিল্পের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোলট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রায় ৬০ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত, যাদের ৪০ শতাংশ নারী। পোলট্রি খাতে বেসরকারি বিনিয়োগের পরিমাণ প্রায় ৫০ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা গুরুত্বপূর্ণ। বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। এ কারণে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান, উন্নত খাদ্য ব্যবস্থাপনা ও খামারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পাশাপাশি হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করতে সক্ষম হয়েছে।
উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি সমবায়ের মাধ্যমে খামারিদের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে উদ্যোগ নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে আহ্বান জানান তিনি।
পোষা প্রাণী ও খাঁচায় পাখি পালনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের যেমন অধিকার রয়েছে, তেমনি পশুপাখির অধিকারও অবহেলা করা যাবে না। প্রাণীদের ক্ষুধা, তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা, আঘাত, রোগ, ভয় ও মানসিক যন্ত্রণা থেকে মুক্ত রাখার পাশাপাশি স্বাভাবিক আচরণ প্রকাশের সুযোগ দিতে হবে।
খামারিদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি খামারিরা। তাদের মেধা, শ্রম ও উদ্যোগের ফলেই এ খাত এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাণিসম্পদ পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ অর্জন খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, গবেষক ও অন্যদের অনুপ্রেরণা জোগাবে।