জানা নিউজ

বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের পতাকা ও প্রতীক তুলে ধরলেন সঞ্জয়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেবের পারফরম্যান্স ঘিরে আলোচনার ঝড় উঠেছে। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে তিনি নিজের পোশাকে বাংলাদেশের জাতীয় প্রতীক ফুটিয়ে তুলে বিশ্বমঞ্চে দেশের পরিচয় তুলে ধরেন। রয়েল বেঙ্গল টাইগার, শাপলা এবং জাতীয় পতাকার নকশা সম্বলিত তার জ্যাকেট ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
গত শুক্রবার টরন্টোর বিএমও ফিল্ডে কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে সঞ্জয় অংশ নেন নোরা ফাতেহি ও ফরাসি পপ তারকা ভেজিড্রিমের সঙ্গে। পারফরম্যান্স চলাকালে বারবার নিজের পোশাকের দিকে ইঙ্গিত করে তিনি বাংলাদেশের প্রতীকগুলো তুলে ধরেন, যা দর্শক ও ফুটবলপ্রেমীদের নজর কাড়ে।
বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরের এই উদ্বোধনী মঞ্চে বিভিন্ন দেশের তারকাদের অংশগ্রহণে গড়ে ওঠে এক সাংস্কৃতিক মেলবন্ধন। সেই আয়োজনেই বাংলাদেশের উপস্থিতি আলাদা মাত্রা পায় সঞ্জয়ের মাধ্যমে। তার এই উপস্থাপনাকে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের গর্ব হিসেবে দেখছেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের তালিকায় ছিলেন কানাডার জনপ্রিয় সংগীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা। বৈচিত্র্যময় এই পরিবেশনা কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে বিশ্বমঞ্চে।
পারফরম্যান্স নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সঞ্জয় মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশের প্রতীকগুলো প্রদর্শন করছেন। এতে আন্তর্জাতিক দর্শকদের কাছেও বাংলাদেশের উপস্থিতি নতুনভাবে আলোচনায় এসেছে।
বিশ্বকাপের এই আয়োজনে তার অংশগ্রহণ শুধু একটি পারফরম্যান্স নয়, বরং দেশের পরিচয় তুলে ধরার এক ব্যতিক্রমী প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে।