জানা নিউজ

বিশ্ব বসতি দিবস-২০২৬ তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় তিনি তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করেন। পরে আবাসন ও নির্মাণ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার স্টল ঘুরে দেখেন। পরিদর্শন বইতে স্বাক্ষরের মধ্য দিয়ে তিনি মেলা পরিদর্শন শেষ করেন।
‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে আজ সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্যে প্রধানমন্ত্রী সকল নাগরিকের জন্য নিরাপদ, সাশ্রয়ী, পরিবেশসম্মত ও মৌলিক সেবা-পরিষেবাসম্পন্ন বাসস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিকল্পিত, নিরাপদ, পরিবেশবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার লক্ষ্যে বিকেন্দ্রীভূত ও ভারসাম্যপূর্ণ নগর ও আঞ্চলিক উন্নয়নের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।