বিরোধী দলের সংসদ সদস্যদের (এমপি) নির্বাচনী এলাকার জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে সংসদকে অবহিত করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমন ঘোষণার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য থাকলেও তিনি কখনো এ ধরনের বরাদ্দ পাননি।
আজ সোমবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে বিরোধী দলের সদস্যদের আসনে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সংসদের অবগতির জন্য জানাচ্ছি, প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের আসনগুলোতে, সিটি করপোরেশন বাদ দিয়ে, প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।”
মির্জা ফখরুল জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাঁহের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। বিরোধী দলের সদস্যদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা জেলা পরিষদের পক্ষ থেকে। সিটি করপোরেশনগুলোতে পরে হবে।
মন্ত্রীর বিবৃতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য থাকলেও তিনি কখনো এ ধরনের বরাদ্দ পাননি। তার ভাষায়, ‘৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছি। এটুকুই পেয়েছি। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।’
এর আগে রোববার (২৮ জুন) সংসদের অধিবেশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দেয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পাওয়ায় বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করলে এলজিআরডি মন্ত্রী জানান, সোমবার তিনি এ বিষয়ে বক্তব্য দেবেন।