নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর। বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর পর্তুগিজ মহাতারকার মাঠে ফেরার অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য আরও আশার খবর দিয়েছেন নতুন কোচ অ্যাঙ্গে পোস্তেকোগ্লু। মৌসুমের প্রথম ম্যাচেই রোনালদোকে মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল-ফাতেহর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আল-নাসর। এই ম্যাচ দিয়েই আল-নাসরের দায়িত্বে আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে পোস্তেকগ্লুর। তার আগেই দলের অনুশীলনে ফিরেছেন ৪১ বছর বয়সী রোনালদো। বিয়ের কারণে কিছুদিন দলের বাইরে ছিলেন পর্তুগিজ তারকা। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর এবার আবারও ফুটবলে মনোযোগ দিয়েছেন তিনি। অনুশীলনে ফেরার দিন রোনালদোর নতুন চুলের কাটও নজর কেড়েছে। এর মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের ২৫তম সিনিয়র মৌসুম। রোনালদোর অনুশীলনে ফেরার সময় তাকে স্বাগত জানিয়েছেন পোস্তেকোগ্লু নিজেও। এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘স্বাগতম ক্রিস, অভিনন্দন। তোমার ও তোমার পরিবারের জন্য আশীর্বাদ রইল।’ নতুন মৌসুমে রোনালদোর সামনে রয়েছে আরও বড় ব্যক্তিগত লক্ষ্য। পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি। এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩২৬ ম্যাচে তার গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ ঐতিহাসিক ওই মাইলফলক থেকে আর মাত্র ২৪ গোল দূরে রয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। গত মৌসুমেও আল-নাসরের হয়ে দুর্দান্ত ছিলেন রোনালদো। সৌদি প্রো লিগে ২৮ গোল করে তিনি ছিলেন প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। নতুন মৌসুমে তার লক্ষ্য শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দলের শিরোপা ধরে রাখার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা।