জানা নিউজ

বিএনপিও ফ্যাসিবাদের পথেই হাঁটছে: ডা. শফিকুর রহমান

১৫ বছর আওয়ামী লীগ যে পথে হেঁটেছে ক্ষমতা গ্রহণের পর বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের দেখানো ফ্যাসিবাদের পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘ফ্যাসিবাদ একটি ভাইরাস। জনগণ কোনও সরকারকে ফ্যাসিবাদী পথে হাঁটতে দেবে না।

আজ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, একটি বিশেষ দেশকে খুশি করতে গিয়ে বর্তমান সরকার বিভিন্ন অপকর্ম করছে। এর অংশ হিসেবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সরিয়ে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল চূড়ান্ত যুদ্ধের রিহার্সেল।’ সেই অভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন জামায়াত আমির। তার ভাষ্য, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

এসময় অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।