হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জেরে জায়দুল মিয়া (২৭) নামের এক যুবককে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মন্দরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।পুলিশ জানায়, জায়দুল মিয়া ও তার লোকজনের সঙ্গে একই গ্রামের আব্দুল মজিদ, সারোয়ার ও তাদের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আজ সকালে জায়দুল গ্রামের বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাকে একা পেয়ে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন তাঁর গতিরোধ করেন।একপর্যায়ে তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন জায়দুলকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওসি শেখ নাজমুল হক বলেন, জায়দুল মিয়া ও তার লোকজনের সঙ্গে গ্রামের কয়েকজনের আধিপত্য নিয়ে পূর্ববিরোধ ছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।