জানা নিউজ

বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতির নির্দেশ, দেশেই যন্ত্র তৈরির ওপর জোর প্রধানমন্ত্রীর

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে নতুন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্জ্য অপসারণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানির বদলে দেশেই তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে হবে।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বর্জ্য অপসারণ পদ্ধতিকে আধুনিক ও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দেন স্থানীয়ভাবে প্রযুক্তি উন্নয়নের ওপর। তিনি বুয়েটের সহযোগিতায় প্রয়োজনীয় যন্ত্রপাতি দেশে তৈরি করা যায় কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন। এতে করে একদিকে ব্যয় কমবে, অন্যদিকে দেশীয় সক্ষমতাও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের জন্য প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। তিনি বলেন, “বর্জ্য ব্যবস্থাপনার যন্ত্রপাতি আমদানির বদলে দেশে তৈরি করা যায় কি না, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।” একই সঙ্গে সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাওয়া যায়নি জানিয়ে তিনি রাজস্ব বাড়ানোর উদ্যোগের কথাও বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরের রাস্তা উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে কাজ করা হবে। মশা নিয়ন্ত্রণেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তার ভাষায়, “শুধু ওষুধে কাজ হবে না, খাল পরিষ্কার করছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।”

বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান জানান, বর্জ্য ব্যবস্থাপনায় অটোমেশন ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে ইলেকট্রনিক থ্রি হুইলার ব্যবহারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “পরিবহন যন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন, যা দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।”

বৈঠকে ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন ও আধুনিক মহানগরী হিসেবে গড়ে তুলতে ঈদের পরপরই কার্যক্রম জোরদারের তাগিদ দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন আসতে পারে।