বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। প্রথমবার বরিশালে এসে নৌকা ভ্রমণ ও ভাসমান বাজার ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেছেন, বরিশাল খুব সুন্দর জায়গা। নৌকা ভ্রমণ তার ভীষণ পছন্দের। বরিশাল প্রেসক্লাবের আয়োজনে একটি অনুষ্ঠানে গত রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। নগরীর কীর্তনখোলা নদীতে একটি লঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, এটা বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। বরিশাল এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সবার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে। বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় আমরা আনন্দিত। মন্ত্রী আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বারবার বরিশালে আসবেন। পরে সাংবাদিকদের সাথে একান্ত আলাপে মন্ত্রী আরও বলেন, বরিশালের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা এক থাকলে বরিশালের কোনো উন্নয়নকাজ থমকে যাবে না। মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আরও নৌ-বিহারের আয়োজন করা হবে। এসব আয়োজনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের নিয়ে আসা হবে। নৌবিহারের মাধ্যমে বরিশালের উন্নয়নের বিভিন্ন দাবি তুলে ধরা এবং তা আদায় করে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তথ্যমন্ত্রী আরও বলেন, আশা করা যায় ভবিষ্যতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও বরিশালে আসবেন। তাই বরিশালের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই একসঙ্গে থাকলেই বরিশাল উন্নত হবে। অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বরিশাল সদর উপজেলার ঐতিহ্যবাহী মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। বেলা সাড়ে ১১টার দিকে তিনি বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন এই মসজিদে আসেন। মসজিদের ভেতরে প্রবেশ করে স্থাপত্য ও সৌন্দর্য ঘুরে দেখেন। মিয়াবাড়ি মসজিদ পরিদর্শনের আগে মসজিদ সংলগ্ন উত্তর কড়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজ নিয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় তার সঙ্গে ছিলেন। বরিশালে আসার আগে মার্কিন রাষ্ট্রদূত ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারা বাগান ঘুরে দেখেন। সেখানে তিনি নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের জীবনযাপন ও বরিশাল অঞ্চলের ঐতিহ্যবাহী পেয়ারা চাষ সম্পর্কে ধারণা নিয়েছেন। সেখানে রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন। বরিশাল সফরের বিভিন্ন পর্যায়ে স্থানীয় ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নদী ও নৌকাকেন্দ্রিক জীবনযাত্রা দেখার সুযোগ পেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত।