ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সংস্থাটির বড় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া পর্যালোচনার প্রস্তাব দেওয়ার পর এই প্রথম প্রকাশ্যে কথা বললেন সেফেরিন। তবে তিনি ইনফান্তিনো বা ফিফার নাম সরাসরি উল্লেখ করেননি।
সেফেরিন বলেন, ‘ফুটবলে আস্থা তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে: ঐক্য, স্বচ্ছতা এবং এমন শাসনব্যবস্থা, যা অল্প কয়েকজনের নয়, সবার স্বার্থে কাজ করে। সাম্প্রতিক সময়ে যারা এগুলো রক্ষা করার শপথ নিয়েছিলেন, তাদের কেউ কেউ তিনটিকেই উপেক্ষা করেছেন।
তিনি আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের ঐক্যকে যে প্রকল্পটি ভেঙে দিয়েছিল, সেটি হয়তো বাতিল হয়েছে। কিন্তু যে আস্থা নষ্ট হয়েছে, তা এখনো ফিরে আসেনি।
সেফেরিনের বক্তব্যের পেছনে রয়েছে ফিফার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বও এই পরিকল্পনার আওতায় ছিল। উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফের তীব্র বিরোধিতার পর জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল করা হয়।
‘ফুটবল বিক্রির জন্য নয়’, বলেন সেফেরিন। তিনি জানান, বহু বছর ধরে উয়েফা এই বার্তাই দিয়ে আসছে।
সেফেরিনের বক্তব্যের দুই দিন আগে ফিফা সভাপতি ইনফান্তিনো ফিফা কাউন্সিল ও ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পর্যালোচনার প্রস্তাব দেন। তিনি বড় কৌশলগত উদ্যোগের ক্ষেত্রে ফিফার বর্তমান শাসন কাঠামো নিয়ে স্বাধীন ও বাইরের পর্যালোচনার কথা বলেন। পাশাপাশি কনফেডারেশন, সদস্য অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা আয়োজনের প্রস্তাবও দেন।
ইনফান্তিনোর প্রস্তাবিত পর্যালোচনায় ফিফা সভাপতি, ব্যুরো, কাউন্সিল ও কংগ্রেসের ভূমিকা এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহি কীভাবে বাড়ানো যায়, সেসব বিষয়ও বিবেচনা করা হতে পারে।
তবে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে সমালোচনা করা কয়েকটি ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর উদ্যোগে এখনো সন্তুষ্ট হয়নি। এর মধ্যেই ইনফান্তিনো ফিফার নেতৃত্বে থাকার বিষয়ে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সভাপতি নির্বাচনে আরেক মেয়াদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন।
সেফেরিন শেষ পর্যন্ত ফুটবল পরিচালনাকারীদের দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন। তার ভাষায়, ‘যারা ফুটবল পরিচালনা করেন, তারা কাদের জন্য দায়িত্ব পালন করছেন, সেটি মনে রাখলে খেলাটি নিরাপদ থাকবে।’