জানা নিউজ

ফাইনালে ভারতের বিপক্ষে সেরাটা দিতে চান সানজিদা-শাম্মী

বেগম খালেদা জিয়া আইএইচএফ হ্যান্ডবল নেশন্স ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশের দুই খেলোয়াড় সানজিদা আক্তার ও সাকিবা জান্নাত শাম্মী। 

মালদ্বীপের বিপক্ষে জয়ে বড় অবদান রাখেন সানজিদা।

একাই ৮টি গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশের এই তারকা। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স ও ফাইনালের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।
 

সানজিদা জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচে করা ভুলত্রুটিগুলো নিয়ে আলোচনা করে মালদ্বীপের বিপক্ষে সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন তারা। তার মতে, সেই চেষ্টারই প্রতিফলন ঘটেছে জয়ে।

ফাইনালে নিজেদের সেরাটা দিয়ে দেশের সম্মান ধরে রাখতে চান তারা। 

সানজিদা বলেন, ‘আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশের মাটিতে খেলা, তাই আমরা চাইব সম্মান ধরে রাখতে। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

ভারতের বিপক্ষে দুই দলের প্রস্তুতির পার্থক্য তুলে ধরে সানজিদা বলেন, ‘আপনারা জানেন, ভারত আমাদের চেয়ে অনেক ভালো। কারণ, তারা নিয়মিত অনুশীলন করে, সারা বছর ক্যাম্পে থাকে। আমাদের কিন্তু সেই সুযোগ হয় না। চার-পাঁচ মাসের ক্যাম্প হয়। ওই সময়ের মধ্যে আমরা যতটুকু পারি নিজেদের প্রস্তুত করি।’

ভারতকে কঠিন প্রতিপক্ষ মানছেন দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিবা জান্নাত শাম্মীও। আন্তর্জাতিক অভিজ্ঞতা ও র‍্যাংকিংয়ে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের এই খেলোয়াড়ের।

শাম্মী বলেন, ‘ভারত অভিজ্ঞ একটি দল। তাদের খেলোয়াড়েরা আন্তর্জাতিক পর্যায়ে খেলেন এবং অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। র‍্যাংকিংয়েও তারা আমাদের চেয়ে এগিয়ে। আমরা তো এত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। তবে ইনশাআল্লাহ, একদিন আমরা ভারতকে হারাব। আপাতত ভারতের বিপক্ষে ভালো একটি ম্যাচ উপহার দিতে চাই।’